ফয়জুলের ভাই এনামুলকে সিলেট পুলিশের কাছে হস্তান্তর

হামলাকারী ফয়জুলের ভাই এনামুলশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুলের (২৫) ভাই এনামুলকে সিলেট মহানগর পুলিশের কাছে হস্তান্তর করেছে পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। শুক্রবার (৯ মার্চ) রাতে তাকে হস্তান্তর করা হয়। এর আগে বৃহস্পতিবার (৮ মার্চ) গাজীপুর থেকে তাকে আটক করা হয়। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শফিকুল ইসলাম এ তথ্য জানান।

এদিকে ফয়জুরের মা-বাবাসহ ছয় জনকে তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।

ওসি শফিকুল ইসলাম জানান, হামলার সময় ফয়জুরের ভাই এনামুল কোথায় ছিলো এবং হামলার পর সে বাড়ি ছেড়ে যাওয়ার বিষয়টি পুলিশ গুরুত্বসহ দেখছে। তাদের দু’জনের কাছ থেকে আলাদা আলাদা তথ্য নেওয়ার পর দুই ভাইকে সামনাসামনি করা হতে পারে। পুলিশ ধারণা করছে হামলার পরিকল্পনার বিষয়টি জানা ছিলো এনামুলের। 

ওসি জানান, পুলিশের হেফাজতে রেখে এখনও ফয়জুরের মা মিনারা বেগম, বাবা মাওলানা আতিকুর রহমান, মামা ফয়জুল ইসলাম, শাবির নিরাপত্তারক্ষী খালেকুজ্জামানসহ ৫জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের মধ্যে কাউকে জাফর ইকবালের ওপর হামলার মামলায় গ্রেফতার দেখানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন- পুরো বিষয়টা নিয়ে এখনও কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি দল। আগে রহস্যউন্মোচিত হউক তার পর বিস্তারিত জানা যাবে। 

তিনি জানান,  হামলাকারী ফয়জুরের কাছ থেকে হামলার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এমনকি তার ভাই এনামুল সম্পর্কেও পুলিশকে বেশ তথ্য দিয়েছে সে।

তিনি আরও জানান বৃহস্পতিবার আদালতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পরপরই হামলাকারী ফয়জুরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। মহানগর পুলিশের একটি কার্যালয়ে রেখে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি ইউনিট দফায় দফায় জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।