শাবিতে বন্ধুর ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী আহত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যক্তিগত বিরোধের জের ধরে বন্ধুর হাতে ছুরিকাহত হয়েছেন এক শিক্ষার্থী। রবিবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের ‘সি ব্লকে’র সম্মুখে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী শাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান নাঈম। তার বন্ধু শাবি ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ রাসেল তাকে ছুরিকাঘাত করেছে। এ ঘটনার পর থেকে হামলাকারীরা পালিয়ে রয়েছে বলে ছাত্রলীগ সূত্রে জানা যায়।

হামলায় আহত জাহিদকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, হলের রুম ভাগাভাগি নিয়ে রশিদ এবং জাহিদের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলে আসছিল। এর জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে তারা জানান।

সূত্র আরও জানায়, জাহিদের পেটে আঘাত লেগেছে। আহত জাহিদ ও হামলাকারী রশিদ দু’জনই শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারী। জাহিদ ফরেস্ট্রি বিভাগের মাস্টার্সের ছাত্র ও রশিদ সমাজকর্ম বিভাগের মাস্টার্সের ছাত্র।


শাবির সহকারী প্রক্টর আবু হেনা পহিল জানান, বন্ধুর হাতে বন্ধু আহত হয়েছে। ক্যাম্পাস পরিস্থিতি শান্ত রয়েছে।

শাবি’র উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ বিকালে জাহিদকে দেখতে হাসপাতালে যান।

আরও পড়ুন: টাঙ্গাইলে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়িকে হত্যার অভিযোগ