সুনামগঞ্জে পুলিশ খুনের ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্তদের আটক করতে পারেনি পুলিশ। তবে ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশের চারটি টিম মাঠে কাজ করছে বলে জনিয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইনাতনগর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম নিজাম উদ্দিন। তিনি সিলেট জেলা পুলিশের কন্সটেবল হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানায়, ইনাতনগর গ্রামের জহুর উদ্দিনের চার ছেলে জয়নাল আবেদীন, জামাল উদ্দিন, কামাল উদ্দিন ও নিজাম উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার ভোরে তাকে ডেকে নিয়ে তার ভাই জামাল উদ্দিন লাঠি দিয়ে মাথায় আঘাত করে। পরে গুরুতর আহতাস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত পুলিশ সদস্যের ময়না তদন্ত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে বলে জানান তার স্বজনরা। শুক্রবার সন্ধ্যায় গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে গ্রামের গোরস্থানে দাফন করা হয়েছে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের চারটি টিম মাঠে কাজ করছে। শিগগিরই তাদের আটক করা হবে।
নিহতের চাচাতো ভাই মো. আব্দুস সালাম বলেন, নিজাম উদ্দিন ছুটিতে বাড়ি এলে সবাইকে নিয়ে মিলেমিশে থাকতো। এলাকায় সে একজন ভালো মানুষ হিসেবে পরিচিত ছিল।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসকারী গ্রেফতার