চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানাধীন সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬ টন জাটকা ইলিশ জব্দ করেছে র্যাব। সোমবার (০৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেহেদী হাসান (৩০) নামে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান।
তিনি আরও জানান, জব্দ জাটকার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।
কিছু অসাধু ব্যবসায়ী ‘এফভি সীমান্ত- ১’ ফিশিং ভেসেলের মাধ্যমে সমুদ্র থেকে জাটকা ইলিশ ধরে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন সদর ঘাটে মজুদ করছে এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ হাসানের সহযোগিতায় ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র্যাবের একটি দল। অভিযানে এসব জাটকা জব্দ করা হয়। পরে মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ সনের ৪ ধারা অনুযায়ী মেহেদী হাসানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, উদ্ধার জাটকা ইলিশ জেলা প্রশাসনের তত্ত্ববধানে বিভিন্ন এতিম খানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে এবং আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: গৌরনদীতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ : আহত ১১