‘দোষ স্বীকার করলে খালেদা জিয়াকে রাষ্ট্রপতিই ক্ষমা করতে পারেন’

সুনামগঞ্জে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘খালেদা জিয়াকে সব ধরনের আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাজা দিয়েছেন আদালত। এখানে সরকারের কোনও হাত ছিল না। তাকে একমাত্র রাষ্ট্রপতিই ক্ষমা করতে পারেন। তবে যদি তিনি দোষ স্বীকার করেন।’

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিন্নাকুলী বাজারে জাদুকাটা নদীর ওপর শাহ আরেফিন ও অদ্বৈত মৈত্রী সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। বৃহস্পতিবার বিকালে এই সভা হয়।

মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া সাধারণ কোনও কয়েদি নন। তিনি একটি বড় রাজনৈতিক দলের প্রধান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। সাধারণ কয়েদিদের সঙ্গে না রেখে খালেদা জিয়ার মর্যাদা বিবেচনা করে তাকে নাজিম উদ্দিন রোডের বিশেষ কারাগারে রাখা হয়েছে। তার ব্যক্তিগত মর্যাদা বিবেচনা করে কারাগারে সরকারের পক্ষ থেকে ন্যায্য সুবিধা দেওয়া হচ্ছে। চিকিৎসকের পরামর্শ নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।’

জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জয়া সেনগুপ্তা, পীর ফজলুর রহমান মিসবাহ, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, শামসুন্নাহার বেগম শাহান, স্থানীয় সরকার বিভাগের সচিব জাফর আহমদ খান প্রমুখ। এর আগে তিনি আরও দুটি সেতু উদ্বোধন ও ৩টি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।