হবিগঞ্জের সোনাই নদীর বাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত

বাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিতহবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীর বাঁধ ভেঙে চৌমুহনী এবং মনতলা নামে দুটি গ্রাম প্লাবিত হয়েছে। শুক্রবার (১৮ মে) দুপুরের দিকে নদীর বাঁধটি ভেঙে যায়। বাঁধ ভেঙে দুই গ্রামের রাস্তাঘাট, বাজার এবং অর্ধশতাধিক বাড়ি প্লাবিত হয়। এছাড়া আশপাশের আরও কয়েকটি গ্রামে দেখা দিয়েছে জলাবদ্ধতা।

নদীতে বাঁধ ভেঙে পানিতে ডুবে গেছে রাস্তাঘাটস্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে শুক্রবার দুপুরের দিকে মাধবপুর উপজেলার সোনাই নদীর বাঁধ ভেঙে যায়। এর ফলে চৌমুহনী এবং মনতলা গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামে দেখা দিয়েছে জলাবদ্ধতা। আশেপাশের গ্রামগুলোর লাখ লাখ মানুষের চলাচলে নেমে এসেছে দুর্ভোগ। এছাড়াও বিভিন্ন পুকুর থেকে কয়েক লাখ টাকার মাছ পানির সঙ্গে ভেসে যাওয়ায় ব্যবসায়ীদের পড়তে হয়েছে  ক্ষতির মুখে।

বাঁধ ভেঙে পানিতে ডুবে গেছে রাস্তাঘাটহবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম বলেন, 'মাধবপুরের সোনাই নদীর বাঁধ ভেঙে বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট ও বাজার প্লাবিত হয়েছে বলে খবর পেয়েছি। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটি এখনও জানতে পারিনি।'