আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ

 হবিগঞ্জ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসে উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন এ প্রতীপ বরাদ্দ দেন।

এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসবাহ উদ্দিন ভূইয়াকে নৌকা প্রতীক, বিএনপি নেতা বিএনপি দলীয় প্রার্থী সাইদুল আমিন চৌধুরী শিরুলকে ধানের শীষ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রয়াত উপজেলা চেয়ারম্যান আতর আলীর ছেলে আলা উদ্দিনকে আনারস প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতীক বরাদ্দ দেওয়ার পর রিটার্নিং অফিসার প্রার্থীদের আচরণ বিধি মেনে প্রচারণার জন্য আহ্বান জানান। এদিকে আনুষ্ঠানিক প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত হয়ে পড়ছেন।

উল্লেখ্য গত ৩০ এপ্রিল আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সেক্রেটারি আতর আলী মিয়া মারা গেলে উপজেলা চেয়ারম্যান পদটি শুন্য ঘোষণা করা হয়। এরপর গত ১১ জুন নির্বাচন কমিশন আগামী ২৫ জুলাই ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে নির্বাচনের তপশিল ঘোষণা করেন।