আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের অন্যতম শরীক দল জাতীয় পার্টি আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে সমর্থন দিয়েছে। নানা হিসেব-নিকেশ শেষে নির্বাচনের দুদিন আগে জাতীয় পার্টি এ সিদ্ধান্ত জানিয়েছে। শনিবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় পার্টি সিলেট নগরীর তালতলার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ সমর্থনের কথা জানায়।
সেই সঙ্গে শনিবার (২৮ জুলাই) থেকে জাপা জোটের প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণা শুরু করেছে।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা আহ্বায়ক এটিইউ তাজ রহমান বলেন, বদর উদ্দিন আহমদ কামরান আমাদের জোটের মেয়র প্রার্থী। আমরা চাই এবারের সিলেট সিটি নির্বাচনে কামরান ভাইকে বিজয়ী করতে। দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশে জাতীয় পার্টি মহাজোটের শরিক আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিচ্ছে। এসময় তিনি দলীয় নেতাকর্মীদেরকে কামরানের পক্ষে কাজ করার আহ্বান জানান।