হবিগঞ্জে পাচারের সময় ট্রাকসহ ৫৮ বস্তা চাল জব্দ

জব্দ করা চালহবিগঞ্জ-লাখাই সড়কে ১০ টাকা কেজি দরের ৫৮ বস্তা চাল পাচারের সময় ট্রাকসহ জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালক পালিয়ে গেছে। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে ওই চাল জব্দ করা হয়। হবিগঞ্জ কোর্টস্টেশন ফাঁড়ির ইনচার্জ ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন।

গোলাম কিবরিয়া জানান, রাত ১টার দিকে তার নেতৃত্বে একদল পুলিশ লাখাই সড়কে টহল দেওয়ার সময় লাখাই থেকে হবিগঞ্জ শহরে আসা একটি ট্রাককে (হবিগঞ্জ- ড ১১-০০৩৩) সন্দেহ করে। পুলিশ ট্রাকটি থামানোর জন্য সংকেত দেয়। এসময় পুলিশের সংকেত অমান্য করে ট্রাকটি দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ট্রাকটিকে ধাওয়া করলে লংলার ব্রিজ এলাকায় চালভর্তি ট্রাকটি ফেলে চালক পালিয়ে যায়।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘চালসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনও ইউনিয়ন অফিসের সরকারি চাল রাতের অন্ধকারে পাচার করা হচ্ছিল। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।