প্রতিবাদী পিতাকে হত্যার ঘটনায় খুনির যাবজ্জীবন কারাদণ্ড

সিলেটসিলেটের দলদলি চা বাগানের মুসলিম লাইনে চা শ্রমিক বাদশা মিয়া হত্যা মামলায় আদালত বাবুল মিয়া নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিয়েছে। রায়ে বাবুল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। বুধবার (২৪ অক্টোবর) সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মফিজুর রহমান ভুঁইয়া এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত বাবুল মিয়া সিলেট শহরতলীর দলদলি চা বাগানের মুসলিম লাইন এলাকার মৃত আব্দুল মন্নাফের ছেলে।
আদালত সূত্র জানা গেছে, নিহত বাদশা মিয়ার স্কুল পড়ুয়া মেয়েকে প্রায় সময়ই স্কুল যাওয়া আসার পথে উত্যক্ত করত বখাটে বাবুল মিয়া। এই ঘটনায় তিনি বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলার ফলে বাবুল মিয়া কারাভোগও করে। কিন্তু পরে মুক্তি পেয়ে সে আরও বেপরোয়া হয়ে ওঠে।
২০১০ সালের ৩১ জুলাই বাবুল মিয়া পরিকল্পিতভাবে ধারাল অস্ত্র দিয়ে মুসলিম লাইন মাদরাসার কাছে কুপিয়ে হত্যা করে বাদশা মিয়াকে। এ ঘটনায় নিহতের ছেলে মনির মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় বাবুল মিয়াসহ কয়েকজনকে আসামি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ২০১০ সালের ৬ নভেম্বর বাবুল মিয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১১ সালের ১৫ মে আদালতে বিচার শুরু হয়। বাদীসহ ৯ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত বুধবার হত্যার দায়ে বাবুল মিয়ার যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করে।