ওসি (তদন্ত) জসিম উদ্দিন বলেন, ‘নবজাতকের মৃত্যুর পর আমরা স্বজনদের বাড়িতে গিয়েছিলাম। তাদের কাছে জানতে চাইলাম, এ ঘটনায় তাদের কারও প্রতি কোনও অভিযোগ আছে কি না। থাকলে আমরা সর্বোচ্চ আইনগত সহযোগিতা করবো। তখন তারা বলেন, আত্মীয়-স্বজনদের সঙ্গে আলাপ করে এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন।’
নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা না হলে পুলিশের করণীয় সম্পর্কে জানতে চাইলে ওসি (তদন্ত) বলেন, ‘ভিকটিমের পক্ষ থেকে অভিযোগ করা না হলে সেক্ষেত্রে বিচার চাইতে হবে। যদি বিচার না চায় তাহলে আমরা কীভাবে তদন্ত করতে পারি? তারপরও এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবো। প্রয়োজনে নিহতের স্বজনরা কী চাচ্ছেন সে ব্যাপারে তাদের সঙ্গে আবারও কথা বলবো। অভিযোগ আছে, পরিবহন শ্রমিকরা অ্যাম্বুলেন্সটি আটকে দেওয়ায় হাসপাতালে পৌঁছাতে না পারায় সড়কেই ওই নবজাতকের মৃত্যু হয়েছে।
নিহত শিশুর চাচা হাজী আকবর আলী বাংলা ট্রিবিউনকে বলেন ‘আমরা থানায় গিয়ে মামলা করবো। পুলিশ বাড়িতে এসেছিল। যারা অ্যাম্বুলেন্স আটকেছিল তাদের নাম ঠিকানা নিয়েছে।’
বড়লেখা উপজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান বাংলা ট্রিবিউন বলেন, ‘এ ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি দোষী ব্যক্তিকে আমাদের সংগঠন থেকে বহিষ্কার করবো। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে সুপারিশ করবো।’
সিলেট বিভাগীয় শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি সনজিত কুমার দেব বলেন ‘অতি উৎসাহী একদল শ্রমিক এ ঘটনা ঘটিয়েছে, যাদের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।’ তবে বিষয়টির সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানিয়েছি।’
অ্যাম্বুলেন্সটির মালিক রিপন আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার গাড়িতে করে শিশুটি সিলেট নেওয়ার পথে শ্রমিকরা বাধা দেয়। কয়েক দফা আটকানোর কারণে গাড়িতে শিশুর মৃত্যু হয়। তারা প্রায় দেড় থেকে দুই ঘণ্টা গাড়ি আটকে রাখে ও চালককে মারধর করে।’
প্রসঙ্গত, রবিবার (২৮ অক্টোবর) দুপুর তিনটার দিকে বড়লেখা উপজেলার চান্দগ্রাম এলাকায় ধর্মঘট চলাকালে একটি অ্যাম্বুলেন্স আটকায় পরিবহন শ্রমিকরা। এসময় অ্যাম্বুলেন্সের মধ্যে দীর্ঘক্ষণ আটকে থাকায় সাত দিন বয়সী এক নবজাতকের মৃত্যু হয়। নিহত নবজাতক বড়লেখা সদর ইউনিয়নের অজমির গ্রামের প্রবাসী কুটন মিয়ার মেয়ে।
আরও পড়ুন...
শ্রমিক ধর্মঘটের নামে দফায় দফায় অ্যাম্বুলেন্স আটক, নবজাতকের মৃত্যু