জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ হবে সংবিধানের ভিত্তিতে: শাহজাহান কামাল

সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেনবেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেছেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ হবে সংবিধানের ভিত্তিতে। সংবিধানের বাইরে কোনও সংলাপ হবে না। বর্তমান প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অধীনেই নির্বাচন হবে।’ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলে কিছু নেই। একসময় খালেদা জিয়াও তত্ত্বাবধায়ক সরকারে আপত্তি জানিয়ে ছিলেন। বর্তমান নির্বাচন কমিশনারের অধীনেই অবাধ ও নিরপক্ষে নির্বাচন হবে।

খালেদা জিয়ার সাজার ব্যাপারে তিনি সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়ার সাজা আদালত দিয়েছেন। সাজা আরও হবে। বিগত সময় ৯৬ দিনের হরতাল দিয়ে বিএনপি-জামায়াত জোট যে মানুষ হত্যা করেছে, তারও বিচার হবে।’

এ সময় উপস্থিত ছিলেন ছাতক-দোয়ারাবাজার উপজেলার সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, জেলা প্রশাসক আব্দুল আহাদ, পুলিশ সুপার বরকতুল্লাহ খান প্রমুখ।

এর আগে মন্ত্রী ২ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের দুটি একাডেমিক ভবন উদ্বোধন করেন।