হবিগঞ্জে ড. রেজা কিবরিয়াসহ সাতজনের মনোনয়নপত্র বাতিল

হবিগঞ্জ

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে গণফোরামের প্রার্থী ড. রেজা কিবরিয়ার প্রার্থীতা বাতিল করা হয়েছে। একই সঙ্গে সংরক্ষিত নারী আসনের এমপি কেয়া চৌধুরীসহ আরও ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সকালে হবিগঞ্জের ৪টি আসনের মধ্যে ২টি আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ যাচাই-বাছাই শেষে সাতজনের প্রার্থীতা ও মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

রিটার্নিং অফিসার জানান, সিটি ব্যাংকের ক্রেডিট ডিভিশন থেকে খেলাপির তালিকায় রেজা কিবয়ার নাম থাকায় তার প্রার্থীতা বাতিল করা হয়।

অপরিদকে, হলফনামায় স্বাক্ষর না থাকায় এমপি কেয়া চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এছাড়াও যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন, হবিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. আব্দুল হান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু হানিফা আহমদ হোসেন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ বদরুর রেজা ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জুবায়ের আহমেদ, মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকায় হবিগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী জাকির হোসেন।

তবে জেলা রিটার্নিং অফিসার জানান, যাদের প্রার্থীতা ও মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা সবাই আপিলের জন্য আবেদন করতে পারবেন।