উপজেলা নির্বাচনে না আসলে ভুল করবে বিএনপি: হানিফ

বক্তব্য রাখছেন মাহবুবউল আলম হানিফ (ছবি– প্রতিনিধি)

উপজেলা পরিষদ নির্বাচনে অংশ না নিলে বিএনপি ভুল করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেছেন, ‘দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার পরিবারকে রাজনীতিতে দেখতে চায় না জনগণ। সামনে উপজেলা নির্বাচন। বিএনপি বলছে, সেই  নির্বাচনে তারা আসবে না। আমরা বলেছি, নির্বাচনে আসুন।  নির্বাচনে এসে জনগণের রায় নেওয়ার চেষ্টা করুন।’

শনিবার (২৬ জানুয়ারি) বিকালে সুনামগঞ্জের ছাতকে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘নির্বাচনে যদি না আসে বিএনপি, তবে রাজনীতি থেকে ছিটকে পড়েছে, আরও ছিটকে পড়তে হবে। নির্বাচনে না আসলে বিএনপির অস্তিত্ব সংকটে পড়বে।’

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন– পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মতিউর রহমানসহ অনেকে।