সিলেটে ৬ বছরের শিশুর গলাকাটা লাশ উদ্ধার

দেলোয়ার আহমেদ সাহেলসিলেটের গোয়াইনঘাটে ছয় বছরের শিশু দেলোয়ার আহমেদ সাহেলের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় একটি কবরস্থানের পাশ থেকে শিশুটির গলাকাটা লাশ উদ্ধার করা হয়। বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সাহেলের ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
সাহেল উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ফেনাইকুনা গ্রামের সোয়াব আলীর ছেলে। সে স্থানীয় লাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবাল বিকালে সাহেল বাড়ির পাশেই খেলাধুলা করছিল। একসময় সে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পার্শ্ববর্তী একটি কবরস্থানে কাছেই এলাকাবাসী সাহেলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (উত্তর সার্কেল) নজরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরির্দশন করেন।
সিলেটের গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল জলিল বলেন, সাহেলকে কে বা কারা গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পরিকল্পিতভাবে হত্যা করেছে। বুধবার শিশুটির ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে এবং আইনি প্রক্রিয়া চলছে। ধারাণা করা হচ্ছে এই হত্যাকান্ডের সঙ্গে সাহেলদের পরিচিত কেউ জড়িত থাকতে পারে।