হবিগঞ্জে ১২শ’ পিস ইয়াবাসহ ৯ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত জেলার শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলো, শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে শাহিন মিয়া (৪০), তার ভাই সুমন মিয়া (৩০), একই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে চান মিয়া (২৫), শায়েস্তাগঞ্জ সদরের মুকসুদ আলীর ছেলে বকুল মিয়া (৩০), হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের ফুল মিয়ার ছেলে তোফাজ্জুল হোসেন জিলু (২২), লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামের আসকর আলীর মেয়ে নার্গিস আক্তার (৩০), বাহুবল উপজেলার গোহারুয়া গ্রামের ইউনুছ আলীর ছেলে মনির মিয়া (৩০), একই উপজেলার উজিরপুর গ্রামের মশ্বব উল্ল্যার ছেলে আব্দুল সালাম (২৪) ও হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরের তৈয়ব আলীর ছেলে মান্না মিয়া (২০)।
হবিগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিকুল ইসলাম জানান, শনিবার রাত থেকে রবিবার ভোর রাত পর্যন্ত শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে ৬ জনকে, বাহুবল উপজেলায় অভিযান চালিয়ে ২ জনকে ও হবিগঞ্জ শহরে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিরা মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।