মন্ত্রী-প্রতিমন্ত্রীর মর্যাদা পাওয়ার লালসা নেই: মেয়র আরিফ

আরিফুল হক চৌধুরী (ফাইল ছবি)

মন্ত্রী বা প্রতিমন্ত্রীর মর্যাদা পাওয়ার লালসা নেই বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের  (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামকে পূর্ণ মন্ত্রী এবং রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও খুলনা সিটি করপোরেশনের (খুসিক) মেয়র তালুকদার আব্দুল খালেককে প্রতিমন্ত্রীর মর্যাদা দেয় সরকার। তবে বাদ পড়েন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী; তার বিষয়ে কোনও সিদ্ধান্ত দেয়নি সরকার। এ ব্যাপারে বক্তব্য জানতে চাইলে বুধবার (২৯ মে) সিসিক মেয়র আরিফ ওই মন্তব্য করেন।

মেয়র আরিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা সরকারের সিদ্ধান্ত। তারা যা ভালো মনে করেছেন, সেটাই করেছেন। আমাকে সিলেটের মানুষ ভোট দিয়ে টানা দুইবার মেয়র নির্বাচিত করেছেন। এতেই আমি খুশি। মন্ত্রী বা প্রতিমন্ত্রীর মর্যাদা পাওয়ার লালসা আমার নেই। সরকার কাকে মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেবে, সরকারের বিষয়।’

গত বছর সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৬ হাজার ১৯৬ ভোট বেশি পেয়ে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। মোট ১৩৪টি ভোটকেন্দ্রের সবগুলোর বেসরকারি ফল অনুসারে তিনি পান ৯২ হাজার ৫৮৮ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পান ৮৬ হাজার ৩৯২ ভোট। এর আগে ২০১৩ সালেও তিনি মেয়র নির্বাচিত হন।

গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে মন্ত্রী এবং রাজশাহী সিটির মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও খুলনা সিটির মেয়র তালুকদার আবদুল খালেককে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার। নিজ নিজ পদে অধিষ্ঠিত থাকাকালে তারা সরকার নির্ধারিত পদমর্যাদার পাশাপাশি বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্য সুযোগ-সুবিধা পাবেন।