হবিগঞ্জে তিন ইউনিয়নে উপনির্বাচন

আ. লীগের প্রার্থী একটিতে ও স্বতন্ত্র প্রার্থী দুটিতে জয়ী

 

 

হবিগঞ্জহবিগঞ্জের মাধবপুর, চুনারুঘাট ও বানিয়াচংয়ের তিনটি ইউনিয়নে উপনির্বাচনে আওয়ামী লীগের একজন এবং স্বতন্ত্র দুই জন প্রার্থী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোট গণনা শেষে স্ব-স্ব ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন। পরে বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন।

এর আগে সকাল ৯টা থেকে একটানা বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।   

জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, চুনারুঘাট উপজেলা সদর ইউনিয়নে তিন হাজার ৬০৭ ভোট পেয়ে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. কাউছার আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপর স্বতন্ত্র প্রার্থী মো. মাহবুবুর রহমান চৌধুরী আনারস প্রতীকে পেয়েছেন দুই হাজার ৮০০ ভোট। এছাড়া নৌকা প্রতীক নিয়ে এক হাজার ৪৪২ ভোট পেয়েছেন মো. রইছ উল্ল্যা ও মোটরসাইকেল প্রতীক নিয়ে ৭৪৭ ভোট পেয়েছেন মো. আব্দুল মান্নান।

মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে দুই হাজার ৬০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আহমেদ খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নেপাল চন্দ্র দাস অটোরিকশা প্রতীকে পেয়েছেন দুই হাজার ১১৭ ভোট। এছাড়াও নৌকা প্রতীক নিয়ে মো. সমসু মিয়া পেয়েছেন এক হাজার ৮৬৪ ভোট এবং মিজানুর রহমান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ৭৬৯ ভোট।

এদিকে, বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন ইঞ্জিনিয়ার জয় কুমার দাস। তিনি পেয়েছেন দুই হাজার ৩১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাউছার চৌধুরী পেয়েছেন দুই হাজার ২৪১ ভোট।