শ্রীরামসী গণহত্যায় জড়িতদের বিচারের আওতায় আনবে সরকার: পরিকল্পনামন্ত্রী

বক্তব্য রাখছেন পরিকল্পনামন্ত্রী (ছবি– প্রতিনিধি)

১৯৭১ সালের ৩১ আগস্ট সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামে চালানো গণহত্যার ঘটনায় জড়িতদের বর্তমান সরকার বিচারের আওতায় আনবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শনিবার (৩১ আগস্ট) বিকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি স্কুল অ্যান্ড কলেজে শ্রীরামসি গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এম এ মান্নান বলেন, ‘১৯৭১ সালে সব ধর্মের, বর্ণের, সম্প্রদায়ের মানুষকে পাকিস্তানিরা নির্বিচারে হত্যা করেছে। আজকের দিনে শ্রীরামসীর অনেক লোকজনকে ধরে নিয়ে গিয়ে নিষ্ঠুর নির্যাতন করে হত্যা করেছে তারা। যুদ্ধাপরধীদের বিচার চলছে-চলবে। কয়েকদিন আগেও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে রায় হয়েছে; যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। বিচারের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশবাসী আমাদের সমর্থন দেবেন। যারা বিদেশিদের সঙ্গে হাত মিলিয়ে নিজের দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হবে।’

তিনি আরও বলেন, ‘এসব অন্যায়, গণহত্যা যারা করেছিল ও পাকিস্তানিদের সঙ্গে হাত মিলিয়ে নিজের মাতৃভূমির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সেই সব রাজাকার, আলবদর ও স্বাধীনতাবিরোধীদের বিচার হবেই।’

শহীদ স্মৃতি সংসদ শ্রীরামসির সভাপতি নূর মোহাম্মদ জুয়েলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন– জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সুনামগঞ্জের পুলিশ সুপার (প্রশাসন) মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ।