শৈত্যপ্রবাহ না থাকলেও কমেনি শীতের তীব্রতা

শীতের সকালমৃদু শৈত্যপ্রবাহ না থাকলেও মৌলভীবাজারে এখনও কমেনি শীতের তীব্রতা। ঘনকুয়াশায় আছন্ন চারপাশ। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। বেশিরভাগ এলাকা চা বাগান ও হাওর থাকায় শীতের প্রকোপ বেশি। এতে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ছে।

শীতজনিত কারণে গত দুই দিনে (২০-২১ ডিসেম্বর) কমলগঞ্জ উপজেলায় ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণে তারা মারা গেছেন। তারা সবাই দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।

ইউএনও আরও বলেন, শীতার্ত চা শ্রমিক মানুষের মাঝে এ পর্যন্ত চার হাজার কম্বল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় বরাদ্দ আসলেই তা বণ্টন করা হবে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ আব্দুল হামিদ চৌধুরী জানান, শীতজনিত কারণে দু’জনের মৃত্যু হয়েছে। বাকি তিন জন বার্ধক্যজনিত কারণ মারা গেছেন।

মৌলভীবাজার জেলা  দুর্যোগ ও ত্রাণপুর্নাবাসন কর্মকর্তা আশরাফ আলী বলেন, মৌলভীবাজার জেলা সদরসহ সাতটি উপজেলায় ৪১ হাজার ২০০ কম্বল বিতরণ করা হয়েছে। আরও বরাদ্দ চাওয়া হয়েছে। আসলেই বিতরণ করা হবে।