অগ্নিনির্বাপণে সাহসী অবদানের জন্য পাঁচ জনকে পুরস্কৃত

 

police moulvibazarমৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কের পিংকি সু স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনায় গত ২৮ জানুয়ারি পাঁচ জনের মৃত্যু হয়। সেই সময় আগুন নেভানো ও উদ্ধারকাজে সাহসী ভূমিকা রাখেন পাঁচ ব্যক্তি। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ অবদান রাখার জন্য চার পুলিশ এবং এক অটোরিকশা চালককে নগদ টাকা পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার প্রদান করেন  জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম(বার)। জেলা পুলিশ কার্যালয় হলরুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। পুরস্কৃতরা হলেন সার্জেন্ট রাহনামায়ে জাম্মান, উপ-পরিদর্শক কোরবান আলী, সহকারী উপ-পরিদর্শক আপেল মাহমুদ, পুলিশের নায়েক জুনেদুর রহমান, সিএনজি চালিত অটোরিকশা চালক মোখলেছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)আনোয়ারুল হক ও সদর সার্কেল মোহাম্মদ জিয়াউর রহমান, ডিআইওয়ান আবু তাহের।

অনুষ্ঠানে পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘যেকোনও দুর্ঘটনায়, মানুষের বিপদে মানুষ এগিয়ে আসবে এটাই স্বাভাবিক। কিন্তু কেউ যখন নিজের স্বার্থ ছাড়া বিশেষভাবে সহায়তা করে তাকে উৎসাহ দেওয়া উচিত। অন্যরা যাতে উৎসাহিত হয় সেজন্যই এই ক্ষুদ্র সম্মাননা।’

প্রসঙ্গত, মৌলভীবাজার শহরের একটি বাড়িতে ২৮ জানুয়ারি সকালে আগুন লেগে জুতা দোকানদার সুভাষ রায়সহ তার পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়। এসময় প্রাণ হারান সুভাষ রায় (৬৫), তার মেয়ে প্রিয়া রায় (১৯), ভাইয়ের স্ত্রী দিপ্তী রায় (৪৮), শ্যালকের বউ দিপা রায় (৩৫) এবং দিপা রায়ের মেয়ে বৈশাখী রায় (৩)।