গত ২৮ জানুয়ারি থেকে মৌলভীবাজার জেলার দুটি উপজেলার তিনটি চেকপোস্টে সকাল থেকে একজন মেডিক্যাল অফিসারের নেতৃত্বে প্রতিদিন ভারত থেকে আসা যাত্রীদের আনুষ্ঠানিকভাবে তাদের পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম শুরু করে মেডিক্যাল দল।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজার সিভিল সার্জন ডা. মো. শাহজাহান কবীর চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জেলা সদরসহ ৭টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি করে বেড প্রস্তুত রয়েছে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।’
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সরকারের নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কুলাউড়া উপজেলার ফুলতলা, চাতলাপুর ও কমলগঞ্জ উপজেলার কুরমা চেকপোস্টেও মেডিক্যাল টিম ভারত থেকে আসা যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। গত ২৮ জানুয়ারি ক্যাম্পিং শুরু হয়। আর মূল কার্যক্রম শুরু হয় গত শুক্রবার সকাল থেকে।
কুলাউড়া উপজেলার চাতলাপুর চেকপোস্টে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. নাজনীন সুলতানা বলেন, ‘চাতলাপুর চেকপোস্টে মেডিক্যাল দল প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষায় নিয়োজিত আছি। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। তবে এ কয়েকদিনে এ রোগের সন্দেহমূলক কোনও রোগী পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘যদি করোনা ভাইরাসের কোনও লক্ষণ পাওয়া যায় তাহলে ওই রোগীকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে সঙ্গে সঙ্গে রেফার্ড করা হবে।’
কুলাউড়া চাতলাপুর চেকপোস্টের ইমিগ্রেশন অফিসার উপ-পরিদর্শক মো.জামাল আহমদ বলেন, ‘ভারত থেকে আসা যাত্রীদের প্রতি আমরাও খুবই সতর্কে আছি। আর বাংলাদেশ থেকে যারা ভারতে যায় তাদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে।’