হবিগঞ্জে অস্ত্র মামলায় ইউপি চেয়ারম্যানের ১০ বছরের কারাদণ্ড

আদালতহবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলবুল খানকে একটি অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে হবিগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর বিচারক শাহিদুল আমিন এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি বুলবুল শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের সুরুক খানের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৫ মার্চ র‌্যাব-৯ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুলবুলের বাড়ি থেকে অস্ত্রসহ তাকে আটক করে। পরে র‌্যাব বাদি হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা করে। পুলিশ মামলাটি তদন্ত করে একই বছর আদালতে চার্জশিট দেয়। আদালত রাষ্ট্রপক্ষের ১৪ জনের সাক্ষী নিয়ে মঙ্গলবার আসামির উপস্থিতিতে এই রায় দেন। 

হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) আল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দণ্ডপ্রাপ্ত বুলবুল খানকে কারাগারে পাঠানো হয়েছে।