লকডাউন ভেঙে ঢাকার ট্রেন সিলেটে: রেল মন্ত্রণালয়কে চিঠি

সিলেটকরোনা পরিস্থিতিতে লকডাউন ভেঙে ঢাকা থেকে ৫৮ জন যাত্রী নিয়ে সিলেট আসে একটি ট্রেন। এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রেল মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সিলেট জেলা প্রশাসন। ওই চিঠিতে করোনাভাইরাসের সংক্রমণের সময়ে সিলেটে ট্রেন আসায় রেল স্টেশন ম্যানেজার খলিলুর রহমানসহ ২৪ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

শনিবার (১৮ এপ্রিল) রাতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য এই সুপারিশ করা হয়। এদিকে ঢাকা থেকে যাত্রী নিয়ে আসা ট্রেনটি রবিবার (১৯ এপ্রিল) সকালে প্রায় ১৮ জন স্টাফ নিয়ে সিলেট ত্যাগ করেছে।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ মিয়া বলেন, 'সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশসহ চিঠি দেওয়া হয়েছে। এতে রেলের কর্মকর্তা ও কর্মচারীদের নাম রয়েছে।'

তিনি আরও জানান, যাদেরকে সিলেট ট্রেন স্টেশনের সিসি ক্যামেরা দেখে শনাক্ত করা হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে কোন প্রকার অনুমতি না নিয়ে নিষেধাজ্ঞা থাকাবস্থায় ৫৪ জনকে সিলেটে ট্রেনে করে নিয়ে আসা হয়। কর্মকর্তাদের পরিচয় নিশ্চিত হলেও অন্য যাত্রীদের পরিচয় জানা যায়নি।