চিকিৎসকসহ আরও ৪ জনের দেহে করোনা শনাক্ত

হবিগঞ্জহবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসকসহ আরও চার জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৫২ জন করোনা শনাক্ত হলেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১১টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে সিলেট থেকে এই রিপোর্ট এসে পৌঁছায়। আক্রান্তরা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল এসব তথ্য জানান।

তিনি জানান, করোনা আছে কিনা তা নিশ্চিত হতে হবিগঞ্জ থেকে নমুনা পরীক্ষার জন্য বিভিন্ন সময় সিলেটে পাঠানো হয়। মঙ্গলবার রাত ১১টার পর সেই রিপোর্ট পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসক এবং লাখাই উপজেলার তিন জন।

ডেপুটি সিভিল সার্জন আরও জানান, আক্রান্তদের মধ্যে দুই জন পুরুষ এবং দুই জন নারী রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।