অতিরিক্ত দামে আলু বিক্রি করায় জরিমানা







অভিযান পরিচালনা করা হচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে আলু বিক্রি করার দায়ে সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদফতর।
আজ রবিবার (৮ নভেম্বর) দুপুরে শহরের পাইকারি আলুর আড়তে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল আমিন এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন, জেলা বাজার অনুসন্ধানকারী আজবাহার মুন্সি, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও র‌্যাব- ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা।  
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত মূল্যে আলু বিক্রয়, ক্রয় ভাউচার সংগ্রহ না করা, মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে এই সাত ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

তিনি জানান, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।
অভিযানে শহরের পোস্ট অফিস সড়কে মেসার্স গোবিন্দ ভাণ্ডারে ১৫ হাজার, শ্রীলক্ষী ভাণ্ডার ২০ হাজার, মেসার্স জয়গুরু ভাণ্ডারে ১০ হাজার, খান বাণিজ্যালয়ে ২০ হাজার, মিলন ট্রের্ডাসে ১৫ হাজার, কুমিল্লা বাণিজ্যালয়ে ২০ হাজার ও পুরাতন বাজারে গরিবের বন্ধু আড়তে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।