হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পাহাড়ি দ্বীপখ্যাত দিনারপুরে মধ্যরাতে পাহাড় খেকোদের বিবরুদ্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জহুর হোসেন (২৪) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে একটি এক্সক্যাভেটর।
শুক্রবার (১২ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিজেই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, কয়েকদিন ধরে রাতের আধারে সরকারের নির্দেশনা অমান্য করে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা দক্ষিণ পাড়া গ্রামের মৃত সুস্থ মিয়ার পুত্র আহাদ মিয়া ও কাজল মিয়া পাহাড়ে মাটি কেটে পানিউমদা বাজারের পাশের একটি জায়গা ভরাট করছিলেন। শুক্রবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের নেতৃত্বে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাহাড় কাটায় জড়িত থাকায় জহুর হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত জহুর হোসেন উপজেলার করগাঁও ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (চ) ধারায় অপরাধের দায়ে জহুর হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাহাড় কাটায় ব্যবহৃত এক্সক্যাভেটর মেশিন এবং গাছ, বাঁশ বাজেয়াপ্ত করা হয়।