সিলেট শহরতলীর মুরাদপুর সেনাবাহিনী ক্যাম্পে আগুন ধরেছে ফেসবুকে এমন গুজব ছড়ানোর দায়ে গ্রেফতার সাত জনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৯ আগস্ট) বিকালে মেট্রোপলিটন প্রথম কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির করে পুলিশ পাঁচ দিন রিমান্ডের আবেদন করে। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা মহানহর পুলিশের শাহপরাণ থানার এসআই দেবাংশু পাল। তিনি জানান, কয়েকদিনের মধ্যে আসামিদের রিমান্ডে নেওয়া হবে।
রিমান্ডে নেওয়া সাত জন হলেন– সিলেট নগরীর মেন্দিবাগ এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে আশফাকুর রহমান (৩২), শাহপরাণ (রহ.) থানাধীন পীরের চক এলাকার মৃত উস্তার আলীর ছেলে আলাউদ্দিন আলাল (৪৭), গোলাপগঞ্জের মজিদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রেজা হোসাইন (২০), গোলাপগঞ্জের আওই বানীগ্রামের মোবারক আলীর ছেলে সোহেল আহমদ, গোলাপগঞ্জের বাঘীরঘাট গ্রামের মৃত আশাব আলীর ছেলে আবুল কাশেম (৩৫), কুচাই পশ্চিমবাগ গ্রামের ইউনুছ আলীর ছেলে রাজন আহমদ (২৮), শহরতলীর এয়ারপোর্ট থানাধীন আটপিয়ারি গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোক্তার হোসেন মান্না (২৮)।
এর আগে ২৫ জুলাই সিলেটের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে গুজব রটনাকারী এই সাত ভুয়া সাংবাদিককে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।