কাজ না করে শত কোটি টাকা ফেরত, জড়িতদের শাস্তি চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেটে বিশেষায়িত মা ও শিশু হাসপাতাল ২০০ শয্যায় উন্নিত না করে শত কোটি টাকা ফেরত দেওয়ায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুইশ’ শয্যার মা ও শিশু হাসপাতালের জন্য ডিজাইন রেডি ছিল, অর্থ বরাদ্দও ছিল। কিন্তু সংশ্লিষ্টদের গাফিলতির জন্য প্রকল্প বাস্তবায়িত হয়নি। কষ্ট করে টাকা আনার পর কাজ না হওয়া খুবই দুঃখজনক। এর জন্য দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া উচিত।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভারত সরকারের দেওয়া অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে ২০০ বেডের বিশেষায়িত মা ও শিশু হাসপাতাল করার জন্য প্রকল্প গ্রহণ করেছিলেন। এ জন্য ১১০ কোটি টাকাও বরাদ্দ দিয়েছিলেন। কিন্তু শামসুদ্দিন হাসপাতালকে বিশেষায়িত হাসপাতালে উন্নিত করা হয়নি। একশ’ শয্যা থেকে দুইশ’ শয্যাতেও উন্নিত করা হয়নি।

মন্ত্রী বলেন, দুইশ’ শয্যার হাসপাতাল না করে সংস্কারের জন্য কেবল ১০ কোটি টাকা ব্যয় করা হয়। কাজ না করে ফেরত দেওয়া হয় একশ’ কোটি টাকা। এ অবস্থায় সংশ্লিষ্টরা সিলেটের স্বাস্থ্যসেবার জন্য বরাদ্দ হওয়া টাকা নষ্ট করেছেন বলেও অভিযোগ করেন মন্ত্রী।