সুনামগঞ্জের মদনপুরে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মাহবুবুর রহমান (২২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ নভেম্বর) বিকালে লক্ষ্মীণশ্রী ইউনিয়নের মদনপুরে এলাকায় এ ঘটনা ঘটে। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মুহাম্মদ শহিদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহবুবুর রহমান কুড়িগ্রাম জেলার রাজীবপুর থানার বাটিয়া গ্রামের আসির আলীর ছেলে।
ওই ভবনের নির্মাণকাজের ব্যবস্থাপক আইনুল ইসলাম জানান, ওই শ্রমিক ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত পা ফসকে নিচে পড়ে যান। পরে তাকে আড়াইশো শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, কাজ করার সময় পা ফসকে মাটিতে পড়ে ওই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।