দাঁড়িয়ে থাকা ট্রাকে বরযাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বরযাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় দুই শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আট জন। রবিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার সিচনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের পুতুল দাসের ছেলে খোকন দাস (৩২), সমীরণ দাসের ছেলে নিলয় দাস (৯) এবং লিপু চন্দের ছেলে প্রণব চন্দ (৮)। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রাম থেকে বরযাত্রীরা শান্তিগঞ্জের পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামে বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন। অনুষ্ঠান শেষে তারা মাইক্রোবাসযোগে বাড়ির পথে রওনা হন। 

রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের সিচনী এলাকায় মাইক্রোবাসটি রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাস দুমড়েমুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসের ১১ যাত্রী গুরুতর আহত হন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় খোকন, নিলয় এবং প্রণবকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

দুর্ঘটনায় তিন জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন। খবর পেয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।