হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করেছে। সংঘর্ষে পুলিশসহ শতাধিক বিএনপি নেতাকর্মী আহত হন। বুধবার (২২ ডিসেম্বর) বেলা ২টা থেকে এ সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে গুরুতর আহত জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ তুষার, ছাত্রদল নেতা সাইদুর রহমানকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার ড. মোশারফ হোসেন বলেন, ‘সমাবেশে নেতাকর্মীরা আসার পথে পুলিশ বাধা দেয়। এতে তাদের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সমাবেশ পণ্ড করার জন্য পুলিশ উসকানিমূলকভাবে সংঘর্ষে জড়িয়ে পড়েছে।’ তিনি দাবি করেন, পুলিশের গুলি ও হামলায় অনেক নেতাকর্মী আহত হয়েছেন, অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন।
কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছ দাবি করেন, পুলিশ সমাবেশ পণ্ড করতে সকাল থেকেই তাদের প্যান্ডেল গুঁড়িয়ে দিয়েছে। জেলা বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল জানান, বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করলে পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। বিএনপির নেতাকর্মীদের হামলায় তাদের সাত-আট জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।