বাবা-মাকে মারধরের ঘটনায় ছেলের ৩ মাসের কারাদণ্ড 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাবা-মাকে মারধর করার দায়ে ফারছু মিয়া (২২) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ জানুয়ারি) নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

ফারছু মিয়া উপজেলার দেবপাড়া ইউনিয়নে সদরঘাট গ্রামের বাসিন্দা। 

জানা যায়, ফারছু মিয়া নিয়মিত মাদক সেবন করে বাবা-মাকে মারধর ও স্থানীয় লোকজনের সঙ্গে অসংলগ্ন আচরণ করে আসছিল। মঙ্গলবার পুনরায় মাদক সেবন করে বাবা-মাকে মারধর ও স্থানীয় লোকজনের সঙ্গে অসংলগ্ন আচরণ করে ফারছু। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে প্রশাসনকে খবর দেন।

পরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই শফিকুর রহমানসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ফারছু মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। 

নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ ভ্রাম্যমাল আদালতের মাধ্যমে শাস্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।