শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিরাজুন্নেসা চৌধুরী হলের পাশে গাজী কালুর সবুজ টিলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ অগ্নিসংযোগ করেছে তা জানা যায়নি। এদিকে, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন অজ্ঞাত ব্যক্তিকে এ ধরণের কার্যক্রম থেকে বিরত থাকতে ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে সর্তক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছে।
শনিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে টিলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আগুন জ্বলতে দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, গাজী কালুর টিলার চার জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিরাপত্তাকর্মীরা তা দেখার পরে আগুন নেভানোর চেষ্টা করে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। সেখানে লাগানো নতুন গাছের চারাসহ অনেকটা জায়গাজুড়ে ঘাস ও লতাপাতা পুড়ে গেছে।
এদিকে, এসব ঘটনা থেকে জড়িতদের বিরত থাকতে এবং সবাইকে সজাগ থাকার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকালের দিকে ক্যাম্পাসের টিলাগুলোতে কে বা কারা আগুন দিয়ে গাছের চারা পুড়িয়ে দেয়। এবার ক্যাম্পাসে ৩০ হাজার চারা লাগানো হয়েছিল। এভাবে আগুন ধরানোর ফলে বিশ্ববিদ্যালয়ের বনজ সম্পদের ক্ষতি হচ্ছে। তাছাড়া এমন আগুন থেকে বড় ধরনের অগ্নিকাণ্ড সংঘটিত হতে পারে এবং তা বিপর্যয়ের কারণ হতে পারে।
এমনকি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ টিলায় আগুন জ্বালানোর ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার জন্য এবং এসবে জড়িতদের বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।