অসুস্থ শিক্ষককে দেখতে গিয়ে ছাত্রের মৃত্যু

সিলেট

অসুস্থ শিক্ষককে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকালে সিলেট-তামাবিল সড়কে বাঘের সড়ক নামক স্থানে ছাত্রদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত আরও ৫ ছাত্র আহত হয়েছেন।  

দুর্ঘটনায় নিহত শহীদুল ইসলাম (২২) সিলেট নগরীর জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার দাওরায়ে হাদিস বিভাগের ছাত্র। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। আহতদের মধ্যে রয়েছেন-একই মাদ্রাসার ছাত্র নাসির উদ্দিন (২০), শামসুজ্জামান (২২), আব্দুর রশিদ (২২) ও আবরার (২২)। তাদেরকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোয়াইনঘাট থানার ওসি মো. দেলওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ জানান, মাদ্রাসার শিক্ষক অসুস্থ রফিক আহমদকে দেখতে ছাত্ররা একটি মাইক্রোবাসে করে সকালে জৈন্তাপুরের দিকে রওনা দেয়। সকাল ৯টার দিকে গোয়াইনঘাট উপজেলার বাঘের সড়ক নামক স্থানে মাইক্রোবাসটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই একজন নিহত এবং বাকিরা আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার কাজ শুরু করেন। এ কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

/এসটি/