ইফতারের আগ মুহূর্তে যুবকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

সিলেট নগরীর উপশহরে ইফতারের সময় বাকবিতণ্ডায় ধাক্কা দিলে সেলিম মিয়া (৬০) নামের এক লন্ড্রি ব্যবাসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপশহর আই ব্লকের রেইনবক্স অটো ড্রাই ক্লিনার্সের মালিক। মঙ্গলবার (২৬ এপ্রিল) ইফতারের সময় এই ঘটনা ঘটে।

এই ঘটনায় নাজমুল ইসলাম নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। তিনি মৌলভীবাজারের কুলাউড়ার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা সোয়া ৬টার দিকে সেলিম মিয়ার সঙ্গে নাজমুলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সেলিমকে ধাক্কা দিলে তিনি দোকানে পড়ে যান। উপস্থিত লোকজন তাকে তুলে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট মহানগর পুলিশের হযরত শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। যতটুকু জেনেছি, তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।