ঈদকে কেন্দ্র করে সিলেট মহানগর পুলিশের পক্ষ ১৭টি নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার (৮ জুলাই) মহানগরবাসীর নিরাপত্তা নিয়ে এসব নির্দেশনা দেন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ। নির্দেশনায় চুরি ও ডাকাতি রোধে মাস্ক ও পিপিই পরা অপরিচিত কেউ বা পুলিশ পরিচয়ে কাউকে বাসায় প্রবেশ করতে না দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া ঈদ সামনে রেখে মোবাইলে টাকা লেনদেনে সতর্ক থাকার কথা বলা হয়েছে।
নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনায় ঈদ জামাতে যাওয়ার সময় নগদ অর্থ, মোবাইল ফোন বহনে সতর্ক থাকতে বলা হয়েছে। ঈদের জামাতে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরার পাশাপাশি মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়। এছাড়া ঈদ জামাতে নিজ নিজ বাসস্থান থেকে ওজু করে যেতে বলা হয়।
নির্দেশনায় করোনাভাইরাস সংক্রমণ রোধে জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার, ব্যাংক থেকে টাকা উত্তোলন এবং বহনে সতর্ক থাকা, প্রয়োজনে অর্থ স্থানান্তরে পুলিশের সহায়তা নেওয়া, কোরবানির পশু সিটি করপোরেশন কর্তৃক নির্ধারিত স্থানে এবং ইউনিয়ন এলাকায় উপজেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত স্থানে পশু জবাই করার অনুরোধ জানানো হয়।
প্রতিটি পশুর হাটে জাল টাকা শনাক্তে ব্যাংকের বুুথে মেশিন দিয়ে টাকা পরীক্ষা করার কথাও নির্দেশনায় বলা হয়েছে।
ঈদ উপলক্ষে বাসাবাড়িতে গৃহকর্মী নিযুক্ত করলে তাদের প্রতি বিশেষ নজর রাখা, বাসা ছেড়ে যাওয়ার আগে এসি-ফ্রিজ বন্ধ রাখা এবং বালতি, গামলা, বদনা ইত্যাদি পানিশূন্য করে উপুড় করে রেখে ডেঙ্গুর বংশবৃদ্ধি রোধেও পরামর্শ দেওয়া হয়।
এছাড়া ছুটিতে বাড়ি যাওয়ার সময় বাসার দরজা-জানালা সঠিকভাবে তালাবদ্ধ করা, বাসা-অফিসে ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যবহার, দরজায় নিরাপত্তা অ্যালার্মযুক্ত তালা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া মহল্লা ও বাড়ির সামনে সন্দেহজনক কাউকে ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানা পুলিশকে অবহিত করতে বলা হয়।
শপিং মল, সড়কে চলাচল এবং অর্থের লেনদেনে সতর্ক থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে। যেকোনও প্রয়োজনে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে যোগাযোগ করতেও পরামর্শ দেওয়া হয়।