বুলবুল হত্যার দায় স্বীকার আরও ২ আসামির

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যা মামলায় আরও দুই আসামি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যায় তারা সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট সুমন ভূঁইয়ার আদালতে জবানবন্দি দেন।

আদালতে জবানবন্দি দেওয়া দুই আসামি হলেন- কামরুল ইসলাম ও মোহাম্মদ হাসান। জবানবন্দির পর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম)  আশরাফ উল্লাহ তাহের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বুধবার বিকালে এই মামলার অপর আসামি আবুল হোসেনও একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।

সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে গাজীকালুর টিলার পাশে ছুরিকাঘাত করা হয় শাবির লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদকে (২২)। পরে তাকে ওসমানী মেডিক্যালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বুলবুলের বাড়ি নরসিংদী সদরের নন্দীপাড়া গ্রামে। তিনি শাবির শাহপরান হলের ২১৮ নম্বর কক্ষে থাকতেন।