দোয়ারাবাজারে শিয়ালের কামড়ে ১১ জন আহত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় শিয়ালের কামড়ে শিশু, নারী-পুরুষসহ ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরণপাড়া, উরুরগাঁও, কুশিউড়া বড়খাল ও মির্ধারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ইউনিয়নের কিরণপাড়া গ্রামের হাতিম আলীর স্ত্রী বতাই বেগম (৪৫), বোলন মিয়ার স্ত্রী রিনা বেগম (৩০), উরুরগাঁও গ্রামের রহম আলীর পুত্র বাবুল মিয়া (৩০), কুশিউড়া গ্রামের বাদল মিয়ার স্ত্রী জরিনা বেগম (৪৫)। তাৎক্ষণিকভাবে সবার নাম-ঠিকানা পাওয়া যায়নি। শিয়ালের কামড়ে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা যায়, বুধবার সন্ধ্যার পর থেকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরণপাড়া, উরুরগাও, কুশিউড়া বড়খাল ও মির্ধারপাড়া গ্রামে শিয়ালের আক্রমণে ১১ জন আহত হয়েছেন।

এ বিষয়ে বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল হোছাইন জানান, খোঁজ নিয়ে জেনেছি শিয়াল ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোক-জনকে কামড়িয়ে আহত করেছে। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।