সুনামগঞ্জে জেলের সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশ আহত

সুনামগঞ্জসুনামগঞ্জে আন্তর্জাতিক রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের বেরবেরিয়া বিলে অবৈধভাবে মাছ ধরার সময় জেলে ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তিন জেলেকে আটক করা হয়েছে। রবিবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, মাইনুদ্দিন (৩৫), মো. রুবেল মিয়া (২৬) ও মাইদুল (৩৪)।
পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় ধর্মপাশা উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের রুপনগর গ্রামের জেলেরা জলমহাল বেরবেরিয়া বিলে অবৈধভাবে মাছ ধরার সময় পুলিশ বাধা দিলে জেলেরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল্লাহ জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ১৯ রাউন্ড ফাঁকা গুলি চালায়।
টাঙ্গুয়ার হাওর রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিজাম উদ্দিন আহমেদ জানান, আহত পুলিশ সদস্যদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে তাহিরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
/এআর / এএইচ /আপ-এআর/