সড়কে প্রাণ গেলো কনস্টেবলের

সিলেট বিমানবন্দর থানাধীন লাক্কাতুরা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সুমন কুমার সিংহ (৩০) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি মহানগর পুলিশের জালালাবাদ থানায় শিবেরবাজার ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

সোমবার (৩১ অক্টোবর) রাত ২টার দিকে সিলেট-বিমানবন্দর সড়কে লাক্কাতুরা এলাকায় বিদ্যুতের খুঁটিবাহী একটি লরির পেছনে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। এই পুলিশ সদস্য মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার জলারপাড় গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সুমন কুমার সিংহসহ আরও দুজন সোমবার রাত ২টার দিকে সিলেট থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। পথে লাক্কাতুরা এলাকায় পৌঁছালে সড়কের পাশে বিদ্যুতের খুঁটি বহন করা একটি লরির পেছনে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে সুমনসহ আরও এক মোটরসাইকেল আরোহী আহত হন।

আরও জানা গেছে, পরে পথচারীসহ আশপাশের লোকজন তাদের উদ্ধার করেন। সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মারা যান।

সিলেট বিমানবন্দর থানার ওসি মাঈনুল জাকির বলেন, সড়কে বিদ্যুতের খুঁটি বহনকারী একটি লরির পেছন দিকে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।