সিলেটে ১৫ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী পিকআপভ্যানের সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনা অনুসন্ধান ও সুপারিশ প্রণয়নের জন্য ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) রাতে জেলা প্রশাসক মজিবুর রহমান এ কমিটি গঠন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে। সেইসঙ্গে বিআরটিএ’র সহকারী পরিচালককে (ইঞ্জিনিয়ারিং) সদস্য সচিব করা হয়েছে।

এ ছাড়া কমিটির সদস্যরা হলেন মহানগর পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, সওজের উপবিভাগীয় প্রকৌশলী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান।

জেলা প্রশাসক জানিয়েছেন, ১৫ জন নিহতের ঘটনা তদন্তের পাশাপাশি সুপারিশ প্রণয়নের জন্য ছয় সদস্যের তদন্ত এই কমিটি গঠন করা হয়েছে।