নিজের ভোটটি নিজেকে দিতে পারবেন না তৃণমূলের শমসের মবিন

সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে তৃণমূল বিএনপির প্রার্থী দলটির চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী নিজেই নিজেকে ভোট দিতে পারবেন না। তার ভোট সিলেট সিটি করপোরেশন এলাকায়। রবিবার (৭ জানুয়ারি) সকালে সিলেট-১ আসনে নগরীর আমম্বরখানা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে তার ভোট দেওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন। তিনি বলেন, স্যার সিলেট-১ আসনের ভোটার। রবিবার সকালে তিনি ভোট দিতে সিলেট নগরীতে আসবেন। এরপর নিজ নির্বাচনি এলাকায় চলে যাবেন।

জানা গেছে, শমসের মুবিন চৌধুরী দ্বিতীয়বারের মতো সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। এর আগে একাদশ সংসদ নির্বাচনে সিলেট-৬ আসন থেকে প্রার্থী হয়েছিলেন। ওই সময়ে বদরুদ্দোজা চৌধুরীর বিকল্প ধারা থেকে কুলা প্রতীকে নির্বাচন করেন। সেবার আওয়ামী লীগকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে আসা কুলা প্রতীকের প্রার্থী শমসের মবিন চৌধুরী পেয়েছিলেন মাত্র ৮১ ভোট।

এদিকে সিলেট-৬ আসনে শমশের মুবিন ছাড়া অন্যান্য প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী সাবেক এমপি সেলিম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরোয়ার হোসেন।

নির্বাচন অফিস জানিয়েছে, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৬ আসন। বিয়ানীবাজার পৌরসভায় রয়েছে ১০টি ও গোলাপগঞ্জ পৌরসভায় রয়েছে ১১টি ওয়ার্ড। এখানে ভোটকেন্দ্র রয়েছে ১৯২টি। এর মধ্যে বিয়ানীবাজারে রয়েছে ৮৯টি ও গোলাপগঞ্জে ১০৩টি স্থায়ী ভোটকেন্দ্র। একইসঙ্গে দুটি পৌরসভায় রয়েছে এক হাজার ৮৯টি ভোট কক্ষ। এর মধ্যে বিয়ানীবাজারে রয়েছে ৪৮০টি স্থায়ী ও ৯টি অস্থায়ী ভোটকেন্দ্র। গোলাপগঞ্জে রয়েছে ৬০০টি স্থায়ী ও ৩৫টি অস্থায়ী ভোটকেন্দ্র।

এ আসনে ভোটার রয়েছেন চার লাখ ৭২ হাজার ৭৪৯ জন। এর মধ্যে বিয়ানীবাজার পুরুষ ভোটার এক লাখ ২৫ হাজার ৮৩ ও নারী ভোটার এক লাখ ৩৪ হাজার ৫৫ জন। সবমিলিয়ে বিয়ানীবাজারে নারী-পুরুষ ভোটার রয়েছেন দুই লাখ ৬০ হাজার ৩৮ জন। এ ছাড়া গোলাপগঞ্জে পুরুষ ভোটার রয়েছেন এক লাখ ৩৪ হাজার ৯২৬ ও নারী ভোটার রয়েছেন এক লাখ ৩১ হাজার ৭৮৪ জন। এখানে নারী-পুরুষ মিলিয়ে ভোটার রয়েছেন দুই লাখ ৬৬ হাজার ৭১১ জন।