কারাগারে কয়েদির ঝুলন্ত লাশ, দায়িত্বপ্রাপ্ত ৩ কর্মকর্তা বহিষ্কার

সিলেট কেন্দ্রীয় কারাগারে দুই বছরের সাজাপ্রাপ্ত ইউনুস আলী (২২) নামের এক কয়েদি আত্মহত‌্যা করেছে বলে অভিযোগ উঠেছে। দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ক‌ালীবা‌ড়ি গ্রামের নূর ইসলামের ছেলে। এ ঘটনায় দুই কারারক্ষীসহ তিন জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৩ জুন) দুপুরে সিলেট বাদাঘাট এলাকার কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। বিষয়‌টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগের কারা উপমহাপরিদর্শক মো. ছ‌গির মিয়া।

তিনি জানান, এক‌টি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত মো. ইউনুস আলী প্রায় ছয় মাস ধরে কারাগারে ছিল। সে ‘সিজোফ্রেনিয়া’ রোগে আক্রান্ত। সোমবার কারাগারের অভ্যন্তরের এক‌টি ওয়ার্ড থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

উপমহাপরিদর্শক মো. ছ‌গির মিয়া বলেন, প্রাথমিকভাবে নিহত ব্যক্তি নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত‌্যা করেছে বলে জানা গেছে। এ ঘটনায় কারাগারে দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কারারক্ষী এবং এক সহকারী হেড ওয়ার্ডকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

নিহতের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মঙ্গলবার লাশের ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।