বন্যার পানিতে খেলতে গিয়ে দুই জনের মৃত্যু

মৌলভীবাজার সদর উপজেলায় বন্যার পানিতে ডুবে এক শিশু ও এক কিশোর মারা গেছে। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামে ঘটনাটি ঘটে।

মারা যাওয়া দুই জন হলেন- পশ্চিম শ্যামেরকোনা গ্রামের পচন মিয়ার ছেলে ছাদি মিয়া (৮) ও একই গ্রামের জমির মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৭)।

চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আকতার উদ্দিন জানান, ধলাই নদীর বাঁধ ভেঙে শ্যামেরকোনা গ্রামসহ আশপাশের গ্রামের রাস্তাঘাটসহ ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুরে পানিতে খেলতে নেমে সাঁতার না জানার কারণে দুই জনই পানিতে ডুবে যায়। প্রতিবেশীরা এই ঘটনা দেখে দুই জনকে পানি থেকে উদ্ধার করে নিজ নিজ বাড়িতে নিয়ে আসেন।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই জনকে মুমূর্ষু অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।