হবিগঞ্জে ৪ শিশু হত্যা: দুই আসামির জামিন নামঞ্জুর

হবিগঞ্জে চার শিশু হত্যাহবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যার ঘটনায় দুই আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত। ওই দুই আসামী হলেন বশির মিয়া ও সালেহ আহমেদ। তারা প্রধান আসামী আব্দুল আলীর ভাতিজা।
বৃহস্পতিবার তারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করেন। হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক ওসি কাজী কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।  
গত ১২ ফেব্রুয়ারি খেলতে গিয়ে নিখোঁজ হয় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশি আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)।
১৭ ফেব্রুয়ারি গ্রাম থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ইসাবিল এলাকা থেকে বালিচাপা অবস্থায় এই চার শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ১৫ ফেব্রুয়ারি থানায় একটি নিখোঁজের জিডি করা হয়। পরে এটিকেই মামলা হিসেবে নেওয়া হয়। পঞ্চায়েত প্রধান আব্দুল আলী এই মামলার প্রধান আসামী। এর মধ্যে বশিরকে ১৯ এবং সালেহকে ২০ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়। এ পর্যন্ত মামলায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একজন ক্রসফায়ারে নিহত হয়েছে।

 

বিটি/এমএসএম