শাবিপ্রবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, পুলিশকে ক্যাম্পাস ছাড়ার অনুরোধ

কোটা সংস্কার নিয়ে নিয়ে আন্দোলনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে অবস্থান নিয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনের এই সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

এদিকে, কমপ্লিট শাটডাউনের কারণে সিলেটে অন্যান্য দিনের তুলনায় যানবাহন চলাচল খুবই কম। একই সঙ্গে বন্ধ রয়েছে শহরের শপিংমলসহ বিভিন্ন বিপণিবিতান।

বৃহস্পতিবার সকাল থেকে শাবিপ্রবি ক্যাম্পাসে অবস্থান নেয় বিপুলসংখ্যক পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনেও পুলিশ মোতায়েন করা হয়। বেলা ১১টার দিকে কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে ফটকে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

এরপর সিলেট-সুনামগঞ্জ সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। তীব্র গরমের মধ্যে শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়ে কোটা, সরকার ও পুলিশবিরোধী নানা স্লোগান দিচ্ছেন। অবস্থানকালে শাবিপ্রবি ফটকের সামনে এক প্লাটুন বিজিবি আসলে তাদের গাড়ির সামনে শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে শুরু করেন। পরে বিজিবি কিছুটা দূরে গিয়ে অবস্থান নেয়।

এই আন্দোলনের শাবিপ্রবি শাখার সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, ‘পুলিশ সকাল থেকে হলে হলে গিয়ে শিক্ষার্থীদের হল ছাড়ার জন্য চাপ দিচ্ছে। তবে সব ভয় ও চাপ উপেক্ষা করে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, ‘আমরা চালকদের গাড়ি না চালাতে কোনও নির্দেশনা দিইনি। তবে ভয়ে অনেক চালক গাড়ি নিয়ে রাস্তায় বের হননি। তাই সিলেটে গণপরিবহন চলাচল কিছুটা কম। তবে দূরপাল্লার ও আঞ্চলিক সড়কে কিছু যানবাহন চলাচল করছে।’

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম (গণমাধ্যম) বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে শাবিপ্রবিসহ সিলেটের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এ ছাড়া মহানগরের গুরুত্বপূর্ণ এলাকা ও মোড়ে রয়েছে পুলিশ।’