পাঁচ তারকা হোটেলে শামীম ওসমান লুকিয়ে আছেন, এমন ‘গুজবে’ মানুষের ভিড়

শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই ফোন বন্ধ করে আত্মগোপনে যান আওয়ামী লীগের মন্ত্রী-এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বুধবার (১৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর রাধানগর এলাকায় অবস্থিত ‘গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ’ নামক পাঁচ তারকা হোটেলে আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমান আত্মগোপন করেছেন- এমন গুজব ছড়িয়ে পড়ার পর হোটেলের সামনে শত শত মানুষ ভিড় করেছেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমান গোপনে পাঁচ তারকা হোটেলে অবস্থান করছেন। ফেসবুকে ছড়ানো এমন গুজবে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন বয়সী মানুষ সেখানে ভিড় করতে থাকেন। পরে সেনাবাহিনীর ঘটনাস্থলে পৌঁছে সাধারণ মানুষকে তাড়িয়ে দেয় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাধানগর  গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের প্রশাসনিক কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, ‘শামীম ওসমানের অবস্থানের বিষয়টি সঠিক না। ইতিমধ্যে সেনাবাহিনীর মেজর মেজবাহ আমাদেরকে জানিয়েছেন, ভিআইপি কেউ অবস্থান করলে তাদেরকে রেসপন্স করার জন্য। অতএব শামীম ওসমানের গোপন করার প্রশ্নই ওঠে না।’

এদিকে খবর পেয়ে শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু ও বিএনপি নেতাকর্মীদের নিয়ে রাধানগর এলাকায় গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ হোটেলের ভিড় জমানো মানুষদেরকে চলে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

হোটেলের মহাব্যবস্থাপক আরমান খান জানান, শামীম ওসমানের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার কারণে বিক্ষুব্ধ জনতা রিসোর্টে ভিড় করেন। পরে সেনাবাহিনী ও জনপ্রতিনিধিরা এলে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শামীম ওসমানের এখানে আত্মগোপনের বিষয়টি সঠিক না।