অস্ত্র মজুতের খবরে পুলিশ কর্মকর্তার বাড়িতে অভিযান, সাবেক ওসি গ্রেফতার

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাব হত্যা মামলার আসামি মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার সাবেক ওসি মঈন উদ্দিন শিপনকে (৪৩) গ্রেফতার করেছে বিজিবি। গ্রেফতার মঈন উদ্দিন গোপীনাথপুর (মাস্টারবাড়ি) গ্রামের ইমাম উদ্দিনের ছেলে। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোরে হবিগঞ্জের মাধবপুরের গোপীনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম. ফয়সাল। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার সাবেক ওসি মঈনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্র জানায়, গোপীনাথপুরের (মাস্টারবাড়ি) মঈন উদ্দিনের বাড়িতে অবৈধ অস্ত্রের মজুত রয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বিজিবির টাস্কফোর্স সোমবার ভোরে সেখানে অভিযান চালায়। এ সময় কোনও অস্ত্র পাওয়া না গেলেও ওসি মঈন উদ্দিনকে পেয়ে তাকে গ্রেফতার করা হয়।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সিলেট কোতোয়ালি থানা থেকে মঈনকে ওএসডি করে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।

জানা যায়, ১৯ জুলাই সিলেট নগরীর বন্দরবাজারে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এ টি এম তুরাব। ঘটনার এক মাস পর নিহতের ভাই আবুল আহসান আযরফ (জাবুর) বাদী হয়ে ১৯ আগস্ট সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এ মামলায় প্রধান আসামি করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে। এজাহারে আসামি হিসেবে পুলিশসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয় ২০০ থেকে ২৫০ জনকে।