সিলেটে কেন্দ্রে ঢুকে ছাত্রলীগের হামলা॥ একটি কেন্দ্রের ভোট বাতিল

সিলেট

সিলেটের টুকেরবাজার ইউনিয়নের আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার আজিজুল ইসলাম। এই কেন্দ্রের দুটি বুথে মঙ্গলবার বেলা ২টার দিকে হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। এই কারণে প্রায় ১০ মিনিটের জন্য ভোট গ্রহণ বন্ধ ছিল। এসময় কয়েকজন সাংবাদিককেও লাঞ্ছিত করে ছাত্রলীগ কর্মীরা। খবর পেয়ে পুলিশ-র‌্যাব ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্যাহ জানান,কেন্দ্রে উত্তেজনার প্ররিপ্রেক্ষিতে ১০ মিনিটের জন্য ওই কেন্দ্রে ভোট স্থগিত করা ছিল।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান,বেলা পৌনে ২টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ওই কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় ৭-৮ জন ছাত্রলীগ কর্মী তার পিছু নিয়ে দুটি বুথে হামলা চালায়। সাংবাদিকরা চিত্র ধারণ করতে গেলে হামলাকারীরা তাদের সঙ্গে দুর্ব্যাবহার  করে। কেন্দ্রের বাইরে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ শহীদ আহমদের কার্যালয়ও আগুন দিয়ে পুড়িয়ে দেয় ছাত্রলীগ কর্মীরা। খবর পেয়ে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

৫ বিজিবি’র টুআইসি মেজর লুৎফুর রহমান জানান,আখালিয়া কেন্দ্রে বেলা ২টার দিকে কয়েকজন যুবক ঝামেলা সৃষ্টির চেষ্টা চালায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে দুপুর ১২টার দিকে কয়েক জন দুর্বৃত্ত সেখানে হামলার চেষ্টা চালায় বলেও তিনি জানান।

এদিকে,ছাত্রলীগের হামলার পর ওই কেন্দ্র প্রায় ভোটার শূন্য হয়ে পড়ে। আতঙ্কে ভোটাররা চলে গেছেন বলে  প্রত্যক্ষদর্শী একটি সূত্র জানিয়েছে।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. ইফতেখার জানান,দুপুর ১২টা পর্যন্ত ওই কেন্দ্রে ২৭০৪টি পুরুষ ভোটারের মধ্যে ৬শ’ এবং ২০২৯টি মহিলা ভোটারের মধ্যে ৮৫২ ভোট কাস্ট হয়েছে।

/জেবি/